ছবিতে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার গল্প
কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপায় শ্রেষ্ঠত্বের স্বাদ পেল তারা। আর টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৬তম ট্রফি জিতল আলবিসেলেস্তেরা।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে লাতিন আমেরিকার প্রথম কোনো দেশ হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জয়ের রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এর আগে অবশ্য ইউরোপের দেশ হিসেবে একই কীর্তি অর্জন করেছিল স্পেন।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে কলম্বিয়া। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। উল্টো শেষ মুহূর্তে গোল হজম করে লরেঞ্জোর শিষ্যরা।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কেউই। এতে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দলই।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

কোপায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মহাদেশীয় টুর্নামেন্টটি ছিল তার ক্যারিয়ারের শেষ আসর।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়েছিলেন ডি মারিয়া। তখন তিনি বলেছিলেন, ২০২৪ সালের কোপা আমেরিকাতেই শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন। সে হিসেবে আজ রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৪ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া।

কোপার শিরোপা নিতে দলের সিনিয়র দুই সতীর্থকে নিয়ে পোডিয়ামে পা রাখেন মেসি। এরপর সতীর্থ ও কোচদের সঙ্গে শিরোপা উৎসবে মেতে ওঠে আলবিসেলেস্তেরা।

এবারের আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, সেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমি মার্টিনেজ ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছেন লাউতারো মার্টিনেজ।
