ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিক শুরুর আগেই করোনার হানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ২৫ জুলাই ২০২৪
অলিম্পিক শুরুর আগেই করোনার হানা
ফাইল ছবি

প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই চিন্তা কোভিড নিয়ে। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর মহিলা দলের পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। সুস্থ হওয়ার পর অনুশীলনে নামবেন তারা।

কোভিডের জন্য ২০২০ সালে অলিম্পিক আয়োজন করতে পারেনি জাপান। এক বছর পিছিয়ে ২০২১ সালে হয়েছিল টোকিও অলিম্পিক। এবারের অলিম্পিক শুরু হওয়ার আগেই কোভিড হানা দিল গেমস ভিলেজে।

বিভিন্ন দেশের খেলোয়াড়রা এরই মধ্যে আসতে শুরু করেছেন। অস্ট্রেলিয়া দলের দু’জন কোভিড সংক্রমিত হয়েই প্যারিসে এসেছিলেন। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলোর পুরুষ দলের দুই সদস্য জ্বর নিয়ে প্যারিসের বিমানে উঠেছিলেন।

Advertisement

উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হওয়ায় কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। কোভিড পরীক্ষার ফল আসার পর অসুস্থ খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবার মহিলা দলের পাঁচ জন আক্রান্ত হলেন।

অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের সকলের কোভিড পরীক্ষা করানো হয়েছে। সকলকে মাস্ক পরতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স তাদের শিবিরে কোভিড হানার কথা মেনে নিয়েছেন।

মেয়ার্স বলেন, ‘আমাদের দু’জন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গেছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনো সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘সাবধানতা হিসাবে দলের বাকিদের সঙ্গে এখন মিশতে বারণ করা হয়েছে। তবে পরিস্থিতি টোকিয়োর মতো নয়। কোভিড এখন অন্যান্য ফ্লুয়ের মতোই হয়ে গিয়েছে। তাই আতঙ্কের কিছু নেই। দু’দিন পর থেকেই ওরা দলের অনুশীলনে যোগ দেবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!