ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হওয়ার পর থেকে আলোচিত হচ্ছেন সূর্যকুমার। তবে শ্রীলংকা মিশন শুরুর আগে তিনি বলেছেন, আমি আর আগের মানুষ নেই।
শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামবে ভারত। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন সূর্যকুমার। তবে অধিনায়ক হিসেবে মাঠে নামার আগে সূর্যকুমারকে বাজে একটি অভিজ্ঞতার প্রসঙ্গ তুলেছেন ভারতের সাংবাদিকেরা।
.png)
২০১৫ সালে ঘরোয়া ক্রিকেটে মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার সময় দলের খেলোয়াড়দের অভিযোগের কারণে দায়িত্ব হারাতে হয়েছিল এই ব্যাটসম্যানকে। তবে সূর্য অতীতের ঘটনা অতীতেই রাখছেন। ২০১৪-১৫ মৌসুমে রঞ্জি ট্রফিতে মুম্বাইকে ৬ ম্যাচে নেতৃত্ব দেন সূর্যকুমার। কিন্তু জয় পায় মাত্র একটি।
তামিল নাড়ুর বিপক্ষে ইনিংসে হারার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। অধিনায়ক থাকাকালীন মাঠে ও ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বাজে ভাষায় কথা বলায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে তিরস্কার করেছিল। তবে সূর্যকুমারের দাবি সে আর আগের মতো নেই।
তিনি বলেন, ‘ঐ ঘটনার পর অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি এখন ভিন্ন এক মানুষ। বিয়ে করেছি, অন্য অনেক অধিনায়কদের কাছ থেকেও শিখেছি। আমি আমার পদ্ধতিতেই দলকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমার ব্র্যান্ড অব ক্রিকেট একই থাকবে। অধিনায়কত্ব আমাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছে, এর জন্য অপেক্ষা করছি।’
বিশ্বকাপে রোহিত শর্মার সহকারী ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে পান্ডিয়ার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ও ফিটনেসের কথা ভেবে তাঁকে বিবেচনা করা হয়নি নিয়মিত অধিনায়ক হিসেবে।