অবশেষে সব বিতর্ক পেছনে ফেলে অলিম্পিকে সোনা জিতলেন আলজেরিয়ার আলোচিত বক্সার ইমানে খিলিফ। শুক্রবার রাতে রোলা গাঁরোয় মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজির ফাইনালে চীনের ইয়াং লিউকে হারিয়েছেন তিনি।
গত ১ আগস্ট ইতালির অ্যাঙ্গেলা ক্যারিনির মুখোমুখি হয়েছিলেন খিলিফ। ম্যাচের মাত্র ৪৫ সেকেন্ডে ক্যারিনি খেলা ছেড়ে দেন। শুরু থেকেই ক্যারিনির মুখে স্পাঞ্চ করছিলেন খিলিফ।
.png)
একবার ক্যারিনি তার কোচ রেনজিনিকে জানান, তার নাকে খুব ব্যথা করছে। রেনজিনি তখন প্রথম রাউন্ড খেলে যাওয়ার পরামর্শ দিলেও ক্যারিনি আরেকটি ঘুষি খাওয়ার পর হাত তুলে খেলা থেকে নিজেকে সরিয়ে নেন।
ক্যারিনি সরে দাঁড়ালেও খিলিফর অগ্রযাত্রা অব্যাহত থাকে। কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরির লুকা আন্না হামোরিও তার সামনে দাঁড়াতে পারেননি। এবার সোনা জয়ের লড়াইয়ে ইয়াং লিউকে হারিয়ে দিলেন ৫–০ ব্যবধানে। এই পুরো যাত্রায় খিলিফর পাশে ছিল আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওসি)।
লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন উঠলেও আইওসি বারবার জনিয়েছে, খিলিফ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েই অলিম্পিকে এসেছেন।
আলজেরিয়াকে এবারের অলিম্পিকে দ্বিতীয় সোনা জেতানোর পর খেলিফ বলেন, ‘আমি খুবই আনন্দিত। আট বছর ধরে আমি এই স্বপ্ন দেখছি। এই মুহূর্তে আমি অলিম্পিক চ্যাম্পিয়ন। একজন সোনাজয়ী। যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আলজেরিয়ার সব মানুষকে ধন্যবাদ। আমার দল ও কোচদেরও ধন্যবাদ।’