এমন দৃষ্টান্ত ২৮ বছর আগে প্রথম দেখিয়েছিল পাকিস্তান। নিজেদের মাটিতে দ্বিতীয়বার তারা শুধুমাত্র পেসারদের নিয়ে টেস্ট খেলতে নামছে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। সেখানকার পিচ অনেকটা পেস-বান্ধব।
এ কারণে স্বাগতিকরা বাড়তি পেসার খেলাতে পারে, এমনটা অনুমেয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো বিশেষজ্ঞ স্পিনারকেই দলে রাখছে না। স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকেও প্রথম টেস্টের জন্য বাদ দেওয়া হয়েছে।
.png)
এর আগে ১৯৯৫ সালে প্রথমবার শুধুমাত্র পেসারদের নিয়ে টেস্ট খেলেছিল পাকিস্তান। এরপর ২০১৯ সালেও তারা একই সিদ্ধান্ত নিয়েছিল। ওই সময়ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ম্যাচটি।
আজহার আলির নেতৃত্বাধীন পাক শিবির তখন পুরো পেস আক্রমণ মাঠে নামিয়েছিল। একাদশের বাইরে রাখা হয় লেগস্পিনার ইয়াসির শাহকে। তখন অবশ্য মারাত্মক ফর্মহীনতায় ভুগছিলেন এই লেগি।
তবে এবার তেমন কিছু ঘটেনি, নিজ থেকেই পেসারদের নিয়ে টেস্ট খেলতে চায় শান মাসুদের দল। পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি ব্যাটিং অলরাউন্ডার সালমান আলি আগাকে অফ-স্পিনার হিসেবে খেলানোর পরিকল্পনা আছে বলে আগেই জানিয়েছেন।
সম্ভবত সেটাই দেখা যাবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে পাক স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুজনকে। বাদ পড়া আবরার আর কামরান গুলামকে রাখা হয়েছে পাকিস্তান শাহিনসের সঙ্গে, যারা বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে।
পাকিস্তানের পেস বিভাগে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদ। প্রথম টেস্টে তাদের অন্তত চারজনের থাকা নিশ্চিত।