ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লর্ডসে বোথামের পর যে কীর্তি গড়লেন অ্যাটকিনসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২০, ৩০ আগস্ট ২০২৪
লর্ডসে বোথামের পর যে কীর্তি গড়লেন অ্যাটকিনসন
গাস অ্যাটকিনসন

টেস্ট ক্রিকেটের আঙিনায় পা দেওয়ার এখনো দুই মাস হয়নি। জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম অব ক্রিকেটখ্যাত লর্ডসে অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন ঝলক। এক ইনিংসে পাঁচ এবং ম্যাচে ১০ উইকেট নিয়ে আগেই দুইবার লর্ডসের অনার্স-বোর্ডে নাম তুলেছিলেন গাস অ্যাটকিনসন। এবার ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটের অভিজাত ভেন্যুতে তিনবার নাম লেখালেন। আর তাতেই কিংবদন্তি ইয়ান বোথামের পাশে নাম লেখালেন এই ইংলিশ ক্রিকেটার।

একই মৌসুমে লর্ডসে সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়ার প্রথম কীর্তি ১৯৭৪ সালে গড়েছিলেন বোথাম। অ্যাটকিনসন ৫০ বছর পর সেই নজির গড়লেন। সবমিলিয়ে অবশ্য প্রাচীন এই ভেন্যুতে মোট ছয় ক্রিকেটার সেঞ্চুরি ও ১০ উইকেট পেয়েছিলেন। বোথাম ও অ্যাটকিনসন ছাড়া বাকিরা হচ্ছেন-ইংল্যান্ডের গাবি অ্যালেন, অস্ট্রেলিয়ার কিথ মিলার, ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। 

শ্রীলংকার বিপক্ষে টেস্টে অ্যাটকিনসন যখন ব্যাট করতে নামেন, তখন ইংল্যান্ড তেমন সুবিধাজনক অবস্থায় ছিল না। স্কোরবোর্ডে তখন স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২১৬ রান। এ সময় তিনি অভিজ্ঞ জো রুটকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন। ২০৬ বলে ১৮ চারের মারে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন রুট। 

Advertisement

বর্তমানে খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৩৩তম সেঞ্চুরির মালিক রুট। তারপরই আছেন কেন উইলিয়ামসন (৩২), স্টিভেন স্মিথ (৩২) ও বিরাট কোহলি (২৯)।

আট নম্বরে ব্যাটিংয়ে নেমে অ্যাটকিনসনও সেঞ্চুরির দেখা পান। এর আগে সর্বশেষ ২০১০ সালে ইংলিশদের হয়ে এই পজিশনে সেঞ্চুরি করেছিলেন স্টুয়ার্ট ব্রড। ২৬ বর্ষী অ্যাটকিনসন  ১১৫ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১১৮ রান করেন।

টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড ৪২৭ রানে অলআউট হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!