ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মুখ খুললেন রিকুয়েলমে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মেসির ২০২৬ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মুখ খুললেন রিকুয়েলমে
লিওনেল মেসি

শিরোপা জয়ের আগে লিওনেল মেসি ঘোষণা দিয়ে রেখেছিলেন, ২০২২ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। তবে এখন বদলে গেছে পরিস্থিতি। আগামী বিশ্বকাপেও মেসিকে দলে চান তার সতীর্থরা। তবে ইনজুরি সেই প্রস্তাবকে খুব একটা সমর্থন করছে না।

বয়সের ভার এবং একের পর এক ইনজুরি সমর্থকদের থেকে একটু একটু করে দূরে সরিয়ে নিচ্ছে মেসিকে। গত এক বছরে মাঠের চেয়ে মাঠের বাইরেই তাকে বেশি সময় কাটাতে হয়েছে। এমন অবস্থায় তার আরেকটি বিশ্বকাপে অংশ নেয়া বেশ দুঃসাধ্যই মনে হচ্ছে।

নিজে থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানাননি মেসি। তবে তার সাবেক সতীর্থ এবং আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার হুয়ান রোমান রিকুয়েলমে মনে করেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।  

Advertisement

জাতীয় দলে একই সঙ্গে খেলেছেন মেসি এবং রিকুয়েলমে। একসঙ্গে বিশ্বকাপ জিততে না পারলেও দেশকে জিতিয়েছেন অলিম্পিকের স্বর্ণপদক। ক্লাব পর্যায়েও অল্প সময় একসঙ্গে খেলেছেন। সেই সূত্রে মেসির সঙ্গে রিকুয়েলমের  সম্পর্ক অনেকটাই মজবুত।

নিজেদের মধ্যকার কথোপকথনের প্রেক্ষিতে মেসির পরবর্তী বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন রিকুয়েলমে।

রিকুয়েলমে বলেন, ‘মেসি সব সময় নিজেকে নতুন করে আবিষ্কার করে। কেউ জানে না সে কী করতে পারে। আগামী বিশ্বকাপে তার খেলা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তাকে খেলতেই হবে। সে জন্য আমরা সর্বস্ব দিয়েই চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘তার সঙ্গে কথা হয়। তাকে খুব বেশি জ্বালাই না, কিন্তু কথা হয়। এ জন্যই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে। সে প্রতিদ্বন্দ্বিতা করতে পছন্দ করে এবং জিততে চায়।’

আর্জেন্টিনার ফুটবলে সর্বকালের সেরাদের তালিকা করলে মেসির সঙ্গে উঠে আসে দিয়েগো ম্যারাডোনার নাম। প্রায়শই তাদের মধ্যে তুলনাও চলে আসে।

এই তুলনা নিয়ে রিকুয়েলমে বলেন, ‘তারা দুজন জিনিয়াস। স্বাভাবিক নয়। তারা যা করেছে, সেটা কেউ পারে না। আমি স্বাভাবিক খেলাটা খেলেছি, কিন্তু তারা খেলেনি। আমরা আর্জেন্টাইনরা ভাগ্যবান যে এটা বলতে পারি, তারা আমাদের।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!