ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের উদ্দেশে উড়াল দিলেন শান্তরা, অন্য দেশ থেকে আসবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪
ভারতের উদ্দেশে উড়াল দিলেন শান্তরা, অন্য দেশ থেকে আসবেন সাকিব
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক এই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ক্রিকেটারদের বোনাসও দেওয়া হয়েছে। এবার সামনে ভারতের বিপক্ষে সিরিজ।

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছেন টাইগার ক্রিকেটাররা। কাপ্তান নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস।

ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে আজ (রোববার) দুপুরে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

Advertisement

দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটার গিয়েছেন। ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশ ছাড়ার আগে জেতার পরিকল্পনার কথাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বলেন, 'পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা নামব। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করবো দলের হয়ে অবদান রাখার।’

ভারত সিরিজকে চ্যালেঞ্জিং দাবি করে শান্ত বলেন, 'এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা।’

তিনি আরো বলেন, 'বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি ভালো কিছুই হবে।’

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ-ভারতের প্রথম ম্যাচ চেন্নাই এবং কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!