ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াদের অবসর প্রসঙ্গে যা বললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ৫ অক্টোবর ২০২৪
রিয়াদের অবসর প্রসঙ্গে যা বললেন আশরাফুল
মাহমুদউল্লাহ রিয়াদ

সাকিবের পর টি-২০ ফরম্যাট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ সরে গেলে অবাক হবেন না বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাবেক এই অধিনায়কের মতে, এতে সুযোগ থাকবে নতুনদের জন্য। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে বলেও মনে করেন তিনি। 

টেস্ট সিরিজে ভারতের সঙ্গে টিম বাংলাদেশের পার্থক্য স্পষ্ট। চেন্নাইয়ের পর কানপুরে হতশ্রী টাইগারদের পারফরম্যান্স। ফরম্যাট বদলে রঙিন পোশাকে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী নাজমুল শান্তর দল।

টি-২০ বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত-কোহলিরা। তারপরও টিম বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তাই ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান মোহাম্মদ আশরাফুলের।

Advertisement

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, বোলিং ইউনিট আমাদের আশাবাদী করছে যে আমরা ভালো কিছু করতে পারব। শুধু আমাদের ব্যাটারদের একটু দায়িত্ব নিতে হবে যারা টপ থ্রি-ফোর ব্যাট করবে। 

নাজমুল শান্তর টি-২০ পারফম্যান্স নিয়ে ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। সবশেষ ১৫ ইনিংস আগে এ ফরম্যাটে হাফসেঞ্চুরি পেয়েছিলেন অধিনায়ক। সেই সঙ্গে লিটন দাসের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ।

আশরাফুল বলেন, আমাদের অধিনায়ক শান্তর পারফরম্যান্সটা যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে টি-২০ ফরম্যাটে ভালো করতে পারছে না। আর লিটনের কাছ থেকেও আরেকটু ভালো পারফরম্যান্স আশা করি। 

টি-২০ থেকে সাকিবের অবসরের পর শূন্যতা পুরণের খোঁজে চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবের বিদায়ে নতুনদের জন্য সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আরো বলেন, সাকিব না থাকায় সবার কাছেই একটা খালি খালি লাগবে। তারপরও আমি মনে করি তার জায়গায় যে সুযোগ পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক যে, তারা সুযোগ পাচ্ছে এখানে তাদের শো করার।

এ সিরিজ দিয়ে মাহমুদউল্লাহ টি-২০ থেকে অবসর নিলে অবাক হবেন না মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, যদি এ সিরিজে মাহমুদউল্লাহ ভালো একটা ইনিংস খেলে এবং বাংলাদেশ জয় পায় তারপর সে (মাহমুদউল্লাহ) বলে যে আমি টি-২০ থেকে সরে যাব এতে আমি অবাক হব না। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!