ইনিয়েস্তার বিদায়ে মেসির আবেগঘন পোস্ট
বিশ্বকাপ, ইউরো এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতার বিরল রেকর্ড তার দখলে। ফুটবলের মাঠে ক্ষুরধার মস্তিষ্কের জন্য তাকে ডাকা হতো 'দ্য ব্রেইন' নামে। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা।
অসম্ভব জায়গা থেকে পাস দেওয়ার ক্ষমতার জন্য 'দ্য ইল্যুশনিস্ট' নামে ডাকা হতো ইনিয়েস্তাকে। আদতে কোনো বিশেষণে তাকে ব্যাখ্যা করা অসম্ভব। এই শতকের অন্যতম সেরা মিডফিল্ডার অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্ত জানানোর পর থেকে ইনিয়েস্তার সতীর্থ থেকে প্রতিপক্ষের খেলোয়াড় -শুভকামনা জানাতে পিছিয়ে নেই কেউই। তিনি আগেই জানিয়েছিলেন, চলতি সপ্তাহে অবসরের ঘোষণা দেবেন।
.png)
সে অনুযায়ী গতকাল সোমবার (৭ অক্টোবর) সব ধরনের ফুটবল থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি এ ফুটবলার।
আন্দ্রেস ইনিয়েস্তা ২০১৮ সালেই স্পেন জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন। সে বছরই শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে পাঁচ মৌসুম কাটানোর পর গত বছর আরব আমিরাতের ক্লাব এমিরেটসের হয়ে খেললেন এক বছর।
ইনিয়েস্তা ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন স্পেনের ক্লাব বার্সেলোনার জার্সিতে। ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনার জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর একটানা ১৬ বছর খেলেছেন ক্লাবটির হয়ে। জিতেছেন সম্ভাব্য সবকিছুই।
বার্সেলোনার হয়ে নয়টি লিগ শিরোপা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি মাঠে নেমেছেন ৬৭৪ ম্যাচে। নিজে গোল করেছেন ৫৭টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ১৩৫টি গোল।
সাবেক এই সতীর্থের অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে লিওনেল মেসিকেও। বার্সেলোনার জার্সিতে একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন। মেসির একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ার পেছনে দারুণ ভূমিকা রেখেছিল জাভি-ইনিয়েস্তার জুটি।
সেই সতীর্থ-বন্ধুর অবসরের ঘোষণায় বার্তাও দিয়েছেন মেসি। সেই বার্তায় আর্জেন্টাইন মহাতারকা লিখেছেন, আন্দ্রেস (ইনিয়েস্তা) তুমি সেই সতীর্থদের একজন, যার কাছে সবচেয়ে বেশি জাদু ছিল...তাদের একজন, যার সঙ্গে আমি খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি।
আর্জেন্টাইন তারকা এরপর লিখেছেন, ফুটবল তোমাকে মিস করতে যাচ্ছে, একই সঙ্গে আমরাও। তোমার জন্য সবসময় শুভকামনা, তুমি একজন ফেনোমেনন।