ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘূর্ণিঝড় মিল্টন আঘাতের আগেই ফ্লোরিডা ছাড়ল মেসির আর্জেন্টিনা  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ১০ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড় মিল্টন আঘাতের আগেই ফ্লোরিডা ছাড়ল মেসির আর্জেন্টিনা  
লিওনেল মেসি

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অ্যাওয়ে ম্যাচটি খেলার আগে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার মায়ামিতে আলবিসেলেস্তেরা ক্যাম্প করেছিল। সেখানেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ঘূর্ণিঝড় মিল্টনের কবলে পড়ে যায়। ঘূর্ণিঝড় সতর্কতা জারি করায় আকাশপথে তাদের উড়াল দেওয়া আটকে যায়।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিল্টন। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। দেশটির ন্যাশনাল ঘূর্ণিঝড় সেন্টার হালনাগাদ এ তথ্য জানায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লোরিডায় ২০ লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় মিল্টনের কারণে বিদ্যুতবিহীন রয়েছে। 

অনিশ্চয়তার পথ পাড়ি দিয়ে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ফ্লোরিডা ছাড়তে সক্ষম হয়েছেন মেসিরা। বর্তমানে তারা ভেনেজুয়েলার মাতুরিনে পৌঁছানোর আগে কলম্বিয়ার ব্যারানকুইলাতে ছুটি কাটাচ্ছেন।

Advertisement

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কোনো বিমান ভেনেজুয়েলায় ট্রানজিট করতে পারছে না। ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে আর্জেন্টিনার ফুটবলাররা মায়ামিতে ক্যাম্প করেছিল। ঘূর্ণিঝড় মিল্টনের কারণে আগের ফ্লাইট বাতিল হওয়ায় ম্যাচের জন্য আকাশী-নীলরা হাতে কম সময় পাচ্ছে।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘আমরা আজই (মঙ্গলবার) বিমান ধরতে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা আগামীকাল (বুধবার) আবার চেষ্টা করবো।’ 

‘আমাদের জন্য কাজটা কঠিন হবে। ম্যাচের আগেরদিন পৌঁছাব আমরা। যাত্রাপথে মাঝে একটা বিরতিও থাকবে, কারণ আমেরিকা থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হচ্ছে না। এসব ব্যাপার আসলে আমাদের ওপর নির্ভর করে না। আবহাওয়া ও লজিস্টিকাল ব্যাপার নিয়ে স্রেফ বলতে পারি যে ভাগ্যটা খারাপ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফুটবলারদেরসহ আমাদের সবার নিরাপদে ও সুস্থ থাকা।’

আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। ১৬ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলবে বলিভিয়ার বিপক্ষে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!