ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজের কাছে হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪১, ১০ অক্টোবর ২০২৪
উইন্ডিজের কাছে হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
ছবি: সংগৃহীত

নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে টাইগ্রেসরা।

শারজাহতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৩ রান করেছে বাংলাদেশ। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ। বাকি ছিল আরো ৪৩ বল।

রান তাড়া করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন হেইলি ম্যাথিউজ ও স্টেফানি টেইলর। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন তারা। দলীয় অর্ধশতক পূরণের পরই আউট হন ম্যাথিউজ। ব্যক্তিগত ৩৪ রানে মারুফার বলে বোল্ড হন তিনি।

Advertisement

ব্যক্তিগত ২৭ রানে রিটায়ার্ড হার্ট হন টেইলর। নাহিদা আক্তারের বলে পরাস্ত হয়ে ২১ রানে আউট হন শিমেইন ক্যাম্পবেল। বাকি সময়ে ৭ বলে ১৯ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডায়ান্দ্রা ডটিন।  

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউজ। বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনারের কেউই। পাওয়ার প্লে-র মাঝেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার ও সাথী রাণী। এর আগে করেন যথাক্রমে ১৯ ও ৯ রান।

তৃতীয় উইকেটে ৪০ রান যোগ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ব্যক্তিগত ১৬ রানে সোবহানা আউট হওয়ার পর থেকে আসা যাওয়ার মাঝে ছিলেন ব্যাটাররা। যদিও একপ্রান্ত আগলে লড়াই করছিলেন জ্যোতি।

শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি। ঋতু মনি করেন ১০ রান। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উইন্ডিজের হয়ে কারিশমা রামহরক চারটি, আফি ফ্লেচার দুটি ও হেইলি ম্যাথিউজ একটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!