ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হেলসের চুক্তি স্থগিত, খেলবেন না বিপিএল   

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬, ১৩ অক্টোবর ২০২৪
হেলসের চুক্তি স্থগিত, খেলবেন না বিপিএল   
অ্যালেক্স হেলস

বিদেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস।  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজিটি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে তাদের দলে খেলানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইংলিশ ওপেনার বিপিএলে খেলতে আসছেন না। 

রোববার সকাল ১০টায় অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকা ক্যাপিটালস। মূলত হেলসের অনুরোধেই তারা চুক্তিটি স্থগিত করেছে। তার বিকল্প খোঁজা হচ্ছে বলেও ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়। 

ফ্র্যাঞ্চাইজিটির সিইও (প্রধান নির্বাহী) আতিক ফাহাদ বিবৃতিতে বলেছেন, ‘ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করে আসছি।

Advertisement

‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকলো।’ 

‘আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।’ 

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠবে। আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।  আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এদিন ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের তারকাদের দলে ভেড়াবে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!