ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘যত দিন পারো খেলা চালিয়ে যাও’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ১৬ অক্টোবর ২০২৪
‘যত দিন পারো খেলা চালিয়ে যাও’
লিওনেল মেসির সঙ্গে হাস্যজ্জ্বল লিওনেল স্কালোনি

লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। পাশাপাশি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদানের অধিকারী এখন মেসি। ক্যারিয়ারে তার গোল ৮৪৬ আর অ্যাসিস্ট ৩৭৭টি। সবমিলিয়ে ১ হাজার ২২৩ গোলে অবদান আর্জেন্টাইন এই মহাতারকার। অফিসিয়াল ম্যাচের হিসেবে যা সর্বোচ্চ।

আলবিসেলেস্তেদের জয়ে ফেরার ম্যাচে নিজে করেছেন তিনটি গোল। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুইটি। ম্যাচ শেষে আর্জেন্টাইন কাপ্তানের রেটিং পয়েন্ট ১০ এ ১০।

এলএম টেনের এমন কীর্তি ডাগআউটে দাঁড়িয়ে দেখা কোচ লিওনেল স্কালোনির হৃদয় ছুঁয়ে গেছে। আর্জেন্টাইন মহাতারকাকে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘সে যত দিন চায় খেলতে দিন। তাকে খেলতে দেখা আনন্দের। তার প্রতি আমার অনুরোধ থাকবে, সে যত দিন পারে খেলাটা চালিয়ে যাক।’ 

Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হঠাৎই ছন্দ পতন। একটানা ১২ ম্যাচ জয় তুলে নেয়া দলটি গেল মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। টানা দুই ম্যাচ জয়হীন থাকা বিশ্বচ্যাম্পিয়নদের বেশ হতাশ সময়ই কেটেছে। 

বলিভিয়ার বিপক্ষে জয়ের ধারায় ফেরা নিয়ে স্বস্তি প্রকাশ করে স্কালোনির ভাষ্য, ‘গত দুই ম্যাচে অনেক কিছুই এলোমেলো গেছে। আমরা সেটাকে পেছনে ফেলে আসতে পেরেছি। দিন শেষে মাঠে আপনার মনোভাব ঠিক থাকলে, আত্মবিশ্বাস থাকলে সব ঠিকঠাকই থাকে।’ 

‘জাতীয় দলে সব ফুটবলার নিজেদের সর্বোচ্চটাই দেয়। যে মাঠে থাকে কিংবা যে বেঞ্চে থাকে, সবাই সমান গুরুত্বপূর্ণ। তারা সবাই একসঙ্গে থাকে। যখনই যার সুযোগ আসে, নিজের সর্বোচ্চটা দেয়।’ 

এ জয়ের ফলে বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরো মজবুত করল মেসির দল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্জেন্টিনার।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!