ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের না ফেরা দুর্ভাগ্যজনক: শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩, ২০ অক্টোবর ২০২৪
সাকিবের না ফেরা দুর্ভাগ্যজনক: শান্ত
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে সাকিব আল হাসানের দেশে ফিরতে না পারাকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

মিরপুর টেস্টের আগের দিন রোববার সংবাদ সম্মেলনে হাজির হন শান্ত। এ সময় তার কাছে সাকিবের দেশে না আসার বিষয়টিকে কোন দৃষ্টিতে দেখছেন, সেটি জানতে চাওয়া হয়।

টাইগার অধিনায়ক বলেন, ‘কীভাবে দেখছি? আসলে দুর্ভাগ্যজনক। হওয়া (বিদায়ী টেস্ট) উচিৎ ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি আগাতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলাটাতে ফোকাস করুক।’

Advertisement

পাকিস্তান সফরে থাকাকালীন সাকিবের বিপক্ষে দায়ের হয়েছিল হত্যা মামলা।  সিরিজ জয়ের সেই মামলার বিরোধিতায় শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক থেকে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থেকে নিজেদের অবস্থান জানিয়েছিলেন। তবে সাকিবের দেশে আসতে না পারা নিয়ে সকলেই চুপ। কোনপ্রকার ভয় কিংবা সংশয়ের কারণে তাদের এমন চুপ থাকা কিনা, সেই প্রশ্নও শান্তর কাছে রাখা হয়।

বাঁহাতি ব্যাটারের জবাব ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতে আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। এখন যত কথা বলবো, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছে না।  

ফেসবুকে সাকিবের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোদের প্রতি ইঙ্গিত রেখে তার ভাষ্য, ‘এখন বর্তমান সময়ে যে অবস্থা ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়। চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেবো।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!