ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে লম্বা সময় ধরে খেলার বাইরে আছেন। অপারেশনের পর তিনি পুনর্বাসন চালিয়ে যান। এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিনি ফুটবল মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার দিবাগত রাতে ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়ের একটি ভিডিও পোস্ট করে আল-হিলাল। সেখানে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি জানি আপনার উদ্বিগ্ন, আমি নিজেও। ২১ অক্টোবর আমি ফিরছি। যত বরই ইনজুরিতে পড়েছি, সেই অবস্থা থেকে ফিরে এসেছি। কিন্তু কখনোই অর্ধেক ফিট হয়ে আসিনি।’
.png)
আগামী সোমবার আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। নেইমার সেদিনই খেলতে নামবেন। শারীরিক অবস্থা বিবেচনায় নিলে নভেম্বরের মধ্যেই ব্রাজিলের জার্সিতে ফিরতে পারেন নেইমার। সেলেসাওদের পরবর্তী ম্যাচ ১৪ নভেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েল। কোচ ডরিভাল জুনিয়র তাকে আগামী মাসের স্কোয়াডে অন্তর্ভুক্ত করবে কিনা, তা দেখার বিষয়।
নেইমারের মার্কেটিং প্রতিষ্ঠান এনআর স্পোর্টস বিবৃতিতে বলেছে, ‘যদিও তার মাঠে ফেরার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। তবে সোমবার আবারো নাম্বার টেনকে খেলতে দেখা যাবে, যাতে নিজের ক্যারিয়ারের গতিপথ সচল রাখতে পারেন।’
‘ব্যথা ও যন্ত্রণায় ঘেরা এমন দিন গেছে, যেখান থেকে ফুটবলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ছিল। পরিবার ও বন্ধুদের সাহচর্যে সেটি কাটিয়ে উঠতে পেরেছেন, যেন সবসময় ১০ নম্বর জার্সির প্রতিনিধিত্ব করতে পারেন । বিশ্বজুড়ে থাকা তার অগণিত ভক্তের সমর্থনের জন্য কৃতজ্ঞতা।’
নেইমারকে মাঠে নামানোর আগে তার দল অবশ্য কড়া সতর্কতা অবলম্বন করতে চাইবে। শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা কম। কোচ জর্জ জেসুস পর্যায়ক্রমে তার মানিয়ে নেয়ার বিষয়টির দিকেই গুরুত্ব দেবেন।
আল হিলালের কোচ জর্জ জেসুস গত শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নেইমার সোমবারের ম্যাচের জন্য স্কোয়াডের সঙ্গে আরব আমিরাতের বিমানে উঠবেন। আজ (গতকাল শুক্রবার) তার ইনজুরির এক বছর পূর্ণ হয়েছে এবং তিনি বর্তমানে পুরোপুরি ফিট। আমরা দেখব আল-আইন ম্যাচে তাকে একাদশে রাখা যায় কি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে তালিকায় থাকবে।’