সিরিজ জিততে নামছে বাংলাদেশ, খেলছেন না শান্ত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান-সমান বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে জয় পেয়েছে ৬৮ রানে। এই পরিসংখ্যান নিয়েই সিরিজ নির্ধারনী ম্যাচে আজ বিকেলে মাঠে নামছে দুই দল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
চোটের কারণে তৃতীয় ওয়ানডেতে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে অধিনায়কত্ব করতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।
দ্বিতীয় ম্যাচে চোটে পড়েছিলেন শান্ত। শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। মাঠে বাকি সময় অধিনায়কত্ব করেন মিরাজ। আজও অধিনায়কত্ব করতে দেখা যাবে মিরাজকে। আর শান্তর জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে টপ অর্ডার ব্যাটার জাকির হাসানের।
.png)
অন্যদিকে আফগানিস্তানের সামনেও এই ম্যাচটা সমতায় ফেরার সুযোগ। দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে দুই দলের মধ্যকার ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি, বাকি ৫টি জয় আফগানিস্তানের। সিরিজ জয় বাংলাদেশের বেশি, তবে ব্যবধান মাত্র ২-১ এর।
দুই দলের মধ্যেকার সবশেষ সিরিজটা অবশ্য গিয়েছে আফগানিস্তানের ঘরে। গত বছরের জুলাইয়ে দুই দলের মধ্যে চট্টগ্রামে হওয়া সর্বশেষ সিরিজটা বাংলাদেশের জন্য ভালো কাটেনি। এর আগে ২০১৬ ও ২০২২ সালের আগের দুটি সিরিজ ছিল বাংলাদেশের পক্ষে। এবার ঠিক কোন ইতিহাস ফিরে আসে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৫০ ওভারের লড়াইয়ের শেষ পর্যন্ত।
অবশ্য এই ম্যাচের আগে বাংলাদেশ কিছুটা আত্মবিশ্বাসীই থাকছে। সৌম্য সরকার রান পাচ্ছেন। মিডল অর্ডারে জাকের আলী অনিক অভিষেক ম্যাচেই আস্থার প্রতিদান দিয়েছেন। এক বছর পর ফিরে নাসুম আহমেদ ব্যাটে-বলে ছিলেন উজ্জ্বল। দুই ম্যাচেই নিজেদের প্রমাণ করেছে টাইগারদের বোলিং ইউনিট।