অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির মাইলফলকে মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। নিয়নিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোট পাওয়ায় এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দলের অধিনায়ক হিসেবে আজই তার অভিষেক হচ্ছে। আর এমন ম্যাচেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছেন মিরাজ। সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নিজের শততম ম্যাচ পূর্ণ করছেন এই স্পিন অলরাউন্ডার।
২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে মিরাজের ওয়ানডে অভিষেক হয়। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন। অভিষেক ম্যাচের পর দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মিরাজ।
.png)
৯৯ ওয়ানডেতে দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার।
মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হলেন- মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ), সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ), তামিম ইকবাল (২৪৩ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ), মাশরাফী বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ), আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ), খালেদ মাসুদ (১২৬ ম্যাচ), মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ), হাবিবুল বাশার (১১১ ম্যাচ), মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ), রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।