ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্টে ফিরলেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ১৫ নভেম্বর ২০২৪
টেস্টে ফিরলেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন

কুঁচকির চোট থেকে সুস্থ হয়ে ওঠায় দলের কেন উইলিয়ামসনকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ভারতের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি উইলিয়ামসন। ঐ সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো তাদের মাটিতে সিরিজ জেতে কিউইরা। 

নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক উইলিয়ামসন। ১০২ টেস্টে ৫৪.৪৮ গড়ে ৮,৮৮১ রান করেছেন। তার সঙ্গে দলে আছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। ২৮ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে শুরু হওয়া সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন এই ব্ল্যাক ক্যাপস পেসার। হাঁটুর ইনজুরির কারণে বেন সিয়ার্স এবং পিঠের চোটে কাইল জেমিসনের দলে সুযোগ হয়নি। 

ইংল্যান্ড সিরিজে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার ন্যাথান স্মিথ এবং পেসার জ্যাকব ডাফি।  নিউজিল্যান্ড জার্সিতে স্মিথ একটি ওয়ানডে এবং ডাফি ৭টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলেছেন।

Advertisement

নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া ন্যাথানের জন্য এটি রোমাঞ্চকর সময়। সে একজন প্রতিভাবান ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ড তেমনই প্রমাণ দিচ্ছে। আমি নিশ্চিত দলের জন্য সে অনেক সাফল্য বয়ে আনবে।’

‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিবেচনায় এই সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া টিম সাউদির বিদায়ী সিরিজ হওয়ায় এটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।’

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও তাদের ফাইনাল খেলা নিশ্চিত হবে না। 

কন্ডিশন বিবেচনায় দল থেকে বাদ পড়েছেন ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ১৫ উইকেট নেয়া বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল। প্রথম টেস্টে না থাকলেও শেষ দুই ম্যাচে খেলবেন আরেক স্পিনার মিচেল স্যান্টনার। 

প্যাটেলকে বাদ দেওয়া কঠিনই ছিল বলে জানান ওয়েলস। তার মতে, ঘরের কন্ডিশন বিবেচনায় প্যাটেলকে বাদ দেওয়া হয়েছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্যান্টনারকে প্রথম টেস্টের দলে রাখা হয়নি। 

সিরিজের শেষ দুই টেস্ট হবে ৬ ও ১৪ ডিসেম্বর। হ্যামিল্টনে শেষ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন সাউদি। নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম। অক্টোবরে অধিনায়কত্ব থেকে সাউদি অব্যাহতি দিলে তিনি নেতৃত্ব পান। তার অধীনে ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ন্যাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!