পাল্লেকেলেতে শনিবার দিবারাত্রির খেলাটি বৃষ্টির বাধায় ৪৭ ওভারে নেমে আসে। টসে হেরে ব্যাটিংয়ে নামা কিউইরা ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে বৃষ্টি আইনে লঙ্কানরা এক ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পায়।
দলীয় স্কোর একশ পেরোনোর আগেই সফরকারীরা হারিয়েছিল ৪ উইকেট। পঞ্চম উইকেটে মার্ক চ্যাপম্যান ও মিচেল হে ৭৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। চ্যাপম্যান ৮১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলে জুটি ভাঙে।
.png)
এখান থেকেই শুরু হয় ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিং ধস। মাত্র ৩৬ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। হে ৬২ বলে ৪৯ ও ওপেনার উইল ইয়াংয়ের ৪০ বলে ২৬ রান করেন। শ্রীলংকার পক্ষে মহেশ থিকশানা ৩১ ও জেফরি ভ্যান্ডারসে ৪৬ রানের বিনিময়ে নিয়েছেন ৩টি করে উইকেট।
স্বল্প লক্ষ্য তাড়ায় স্বাগতিকরাও নিয়মিত উইকেট হারাচ্ছিল। এক প্রান্ত আগলে রেখে চাপ সামলে দলকে টানছিলেন তিনে নামা কুশল মেন্ডিস। জয়ের জন্য যখন দরকার ৪৭ রান, তখন ৭ ব্যাটার ফিরেছেন ড্রেসিংরুমে। সেই সময় থিকশানাকে নিয়ে দারুণ কার্যকরী জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই উইকেটরক্ষক ব্যাটার।
ব্যাট হাতে ১০২ বলে ৬ চারে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলার পাশাপাশি দুইটি স্টাম্পিংয়ের সুবাদে ম্যাচসেরা হন কুশল। থিকশানা ৪৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল ৩৬ রান দিয়ে ৪ উইকেট পান।