মুখিয়ে থাকার কথা কেন বললেন মেসি?
মাঠের ফুটবলে যেন ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা । নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয়বঞ্চিত। এর মধ্যে দুই ম্যাচে পেয়েছে হারের স্বাদ, একটায় ড্র। শেষ তিন অ্যাওয়ে ম্যাচেই জয়হীন আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও অস্বস্তিতে আকাশী-নীলরা।
যদিও কোপা আমেরিকার শিরোপা জেতার জন্য ২০২৪ সালটা আর্জেন্টাইনদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বছরের শেষটাও তাই মনে রাখার মতো কিছু করতে মরিয়া লিওনেল মেসি।
চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার (২০ নভেম্বর) আর্জেন্টিনা মাঠে নামবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
.png)
ম্যাচের আগে অনুশীলনের ছবি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘আগামীকাল সবাই একসঙ্গে হতে মুখিয়ে আছি, আরেকটি স্মরণীয় বছরের শেষ ম্যাচে।’
এ বছর জাতীয় দলের হয়ে ১০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মেসি। রেখেছেন সরাসরি ১০ গোলে অবদান, গোল পেয়েছেন ৬ আর অ্যাসিস্ট চারটি। কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে দুই মাসের বেশি সময় তার মাঠেই নামা হয়নি। চোট হানা না দিলে এলএম টেনের জাতীয় দলের হয়ে ম্যাচের সংখ্যা আরো বেশি থাকতো।