উইন্ডিজের বিপক্ষে টস করতেই যে রেকর্ড গড়বেন মিরাজ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় রাতে মাঠে গড়াবে ম্যাচটি। যেখানে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজ।
অ্যান্টিগা টেস্ট বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। অধিনায়ক হিসেবে প্রথমবার দেশকে সাদা পোশাকে নেতৃত্ব দেবেন তিনি। অ্যান্টিগা টেস্ট দিয়ে আভিজাত্যপূর্ণ এই সংস্করণে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘খুবই ভালো লাগছে। এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’
.png)
সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে এই সংস্করণে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ২ ম্যাচের সিরিজে হেরেছিল সফরকারীরা। তবে এবার ভালো কিছু করতে চান অধিনায়ক মিরাজ, ‘আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।
কারণ, এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, টেস্টে আমরা অতটা ভালো করতে পারিনি। গত চার বছরে আমরা যদি দেখি, এখানে দুইটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, কিন্তু জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে জেতার এবং সবাই যেন পারফর্ম করতে পারে।’