ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিক-শান্ত-হৃদয়-সাকিবকে ছাড়া কেমন হবে ওয়ানডে স্কোয়াড?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ৩০ নভেম্বর ২০২৪
মুশফিক-শান্ত-হৃদয়-সাকিবকে ছাড়া কেমন হবে ওয়ানডে স্কোয়াড?
বাংলাদেশ ক্রিকেট দল

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। তিনি সিরিজ থেকে ছিটকে যান। বাঁ-হাতের আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি খেলছেন না। ওয়ানডে সিরিজেও তাকে ছাড়াই মাঠে নামবে টাইগাররা।

একই প্রতিপক্ষের সঙ্গে শারজাহতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোটে পড়েছিলেন শান্ত। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। এরপর ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেও।  ওয়ানডে সিরিজে তাকে পাওয়া নিয়ে রয়েছে খানিক সংশয়। তার খেলা নিয়ে নিশ্চিত রিপোর্ট পাওয়ার লক্ষ্যে ওয়ানডে স্কোয়াড ঘোষণায় দেরি করছে বিসিবি। 

নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান তাওহীদ হৃদয়। যে চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। 

Advertisement

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বোর্ডের নির্দেশনা থাকায় নির্বাচকরা সাকিব আল হাসানকে ছাড়াই তিন ওয়ানডের সিরিজের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তার বিষয়টি স্পর্শকাতর। সেজন্য তাকে দলে না রাখার সিদ্ধান্ত তাই নীতিনির্ধারণী বিষয়ের পর্যায়ে পড়ে।

সবমিলিয়ে ওয়ানডে স্কোয়াড গড়তে মহা সমস্যায় পড়েছেন নির্বাচকরা। তাই বেশ কয়েকজন নতুন মুখকে দেখা যেতে পারে। নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়ের মতো অভিজ্ঞরাও স্কোয়াডে থাকতে পারেন।

তবে চাইলেই বিকল্প বেছে নেয়ার কাজটাও নির্বাচকদের জন্য বেশ কঠিন। খেলা যেহেতু ওয়েস্ট ইন্ডিজে, তাই হুট করে ভিসা পাওয়াও মুশকিল। তাই বিকল্প ভাবনায় আগের টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা জাকির হোসেন, ও ডিপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক মাহিদুল অংকনকেও ভাবনায় রাখতে হচ্ছে।

টেস্ট দলে থাকা শাহাদাত হোসেন দীপু ও মাহমুদুল হাসান জয়ও নির্বাচকদের ভাবনায় আছেন। পাশাপাশি গ্লোবাল সুপার লিগে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা আফিফ হোসেন ধ্রুবকে নিয়েও চিন্তা-ভাবনা চলছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশ দলের শেষ ওয়ানডে সিরিজ। টাইগারদের জন্য তাই সিরিজটি গুরুত্বপূর্ণ। অথচ আইসিসির বৈশ্বিক আসরের আগে স্কোয়াড নির্ধারণের নিয়ামক হয়ে ওঠা সিরিজের দল ঘোষণা করতেই মহসবিপদে নির্বাচক প্যানেল।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!