ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তীরে এসে তরী ডোবাল বাঘিনীরা  

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ৫ ডিসেম্বর ২০২৪
তীরে এসে তরী ডোবাল বাঘিনীরা  
বাংলাদেশ নারী ক্রিকেট দল

আন্তর্জাতিক টি-২০তে নিজেদের রেকর্ড রান তাড়ায় জয়ের নজির গড়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২ রানের পরাজয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নামা আইরিশরা ৫ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে টিম টাইগ্রেস বিনা উইকেটে ১০৩ রান তুলে ফেললেও বাকি ব্যাটারদের চরম ব্যর্থতায় ৭ উইকেটে ১৫৭ রানেই থামে।  

আইরিশ ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসের মিছিল ও স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করাটা বড় লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশের জয়কে ত্বরান্বিত করেছিল। দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি আগ্রাসী ব্যাটিংয়ে গড়েছেন নতুন রেকর্ড। নারীদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। 

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৩ সালে রুমানা আহমেদ ও আয়েশা রহমান ৮১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। ১১ বছর আগের সেই রেকর্ড ভেঙে দিলারা ও সোবহানা ১০৩ রানের জুটি গড়েন। আর্লিন কেলির বলে উইকেটের পেছনে সোবহানা ক্যাচ দিয়ে ফেরায় জুটির অবসান ঘটে। সোবহানা ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন।

তিনে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ রানের বেশি করতে পারেননি। আর্লিন কেলির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন। সোবহানার মতোই হাফ সেঞ্চুরি মিস করেন দিলারা। প্রেন্ডারগাস্টের বলে বড় শট মারতে গিয়ে গ্যাবি লুইসের তালুবন্দি হওয়ার আগে ৪১ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন। 

চোখের পলকে বিনা উইকেটে ১০৩ থেকে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১১০ রান। এরপর তাজ নেহার ১৪ বলে ৩ চারে ১৯ রান করার পর এমি মাগুইরের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে সফরকারীরা ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয়। 

শেষ ১২ বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৮ রান, হাতে তখনো ছিল ৬ উইকেট। ১৯তম ওভারের প্রথম বলে প্রেন্ডারগাস্টের বলে বোল্ড হন স্বর্ণা আক্তার। পরের দুই বলে রান নিতে ব্যর্থ ঋতু মণি চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফিরলে টিম টাইগ্রেসের জয় নিয়ে উৎকণ্ঠা দেখা দেয়। ওভারের শেষ দুই বলে ডাউন দ্য উইকেটে এসে শট মারতে ব্যর্থ হন জান্নাতুল ফেরদৌস সুমনা। মেইডেন ওভারসহ ২ উইকেট নেন প্রেন্ডারগাস্ট।

শেষ ওভারের প্রথম বলে শারমিন আক্তার সুপ্তা নেন এক রান। জয়ের সমীকরণ তখন ৫ বলে ১৭ রান। দ্বিতীয় বলে রানের খাতা না খোলা সুমনা ক্যাচ দিয়ে ফেরেন। তৃতীয় বলে ২ রান নেন নাহিদা, পরের দুই বল ছিল ডট। শেষ বলে দুই রান নেয়ার পর ১২ রানের হার নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়ে। 

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় সাড়ে চার মাস পর জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া জাহানারা আলমের করা তৃতীয় ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চেয়েছিলেন ১০ রান করা এমি হান্টার। খানিক লাফিয়ে ওঠা বল অফ স্টাম্পের বেল ফেলে দেয়। তাতে উইকেটের স্বাদ পান এই টাইগ্রেস অলরাউন্ডার। 

সাড়ে ৬ বছর পর আবারো বাঘিনীদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামেন জান্নাতুল ফেরদৌস সুমনা। অফব্রেক বোলিংয়ে ওরলা প্রেন্ডারগাস্টকে বোল্ড করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম উইকেট।

অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পলের তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটিতে বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। দুজনই ফিটটির দেখা পান। ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রান করে ফারিহা তৃষ্ণা বলে আউট হন গ্যাবি। এরপর নাহিদা আক্তারের বলে স্টাম্পিংয়ের শিকার হন মারে ২ রান করা লরা ডেলানি। রানের খাতা না খুলে রান আউট হন উনা রেমন্ড-হোয়ে। অন্যদিকে, ৪৫ বলে ৭৯ করেন অপরাজিত থাকেন লিয়া পল। 


 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!