শুক্রবার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে হয়েছে ১৫ উইকেটের পতন। ইংল্যান্ডের ২৮৬ রানের জবাবে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। সফরকারীরা এখনো ১৯৪ রানে এগিয়ে আছে। টম ব্লান্ডেল ৭ এবং নাইটওয়াচম্যান উইল ও’রুর্কিকে শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা আরম্ব করবেন।
টেস্ট ইতিহাসে কোনো পেসারের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই ছক্কা মারার নজির গড়েন ক্রলি। একইসঙ্গে প্রথম পেসার হিসেবে টেস্টে ওভারেই ছক্কা হজম করেন সাউদি। ২০১২ সালে মিরপুর টেস্টের প্রথম ওভারেই বাংলাদেশি স্পিনার সোহাগ গাজীকে দুটি ছক্কা মেরেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। অভিষিক্ত সোহাগ প্রথম বলেই ছক্কা হজমের পর চতুর্থ বলেও একই ঘটনার শিকার হন। টেস্ট ইতিহাসে সেটি ছিল কোনো ম্যাচের প্রথম বলে ছক্কার প্রথম দৃষ্টান্ত।
.png)
দিনের শুরুতেই ক্রলি, বেন ডাকেট, জো রুট ও জ্যাকব বেথেলকে হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। এরপর ওলি পোপের সঙ্গে হ্যারি ব্রুকের আক্রমণাত্মক মেজাজে প্রতিরোধের গল্প। রান আউটে কাটা পড়ার আগে ১১৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১২৩ রানে ইনিংস খেলেন ব্রুক। ৭৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৬৬ রান করেন পোপ। বাকি ব্যাটারদের মধ্যে ক্রিস ওকস (১৮) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে তিনশর আগেই থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
দ্বিতীয় টেস্ট খেলতে নামা কিউই পেসার নাথান স্মিথ নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন আরেক পেসার ও’রুর্কি।
স্বাগতিকদের ওপেনার ডেভন কনওয়ে দলীয় ১৮ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম ৩৫ রানের জুটি গড়ে তা অনায়াসে সামাল দিয়েছিলেন। এরপর চলতে থাকে নিয়মিত বিরতিতে উইকেটের পতন। ল্যাথাম, রাচীন রবীন্দ্র, উইলিয়ামসন ও ড্যারিল মিচেল ইনিংস বড় করতে পারেননি।
ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স পান ২ উইকেট। ওকস, গাস অ্যাটকিনসন, বেন স্টোকস একটি করে উইকেট নেন।