ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইরিশদের কাছে জ্যোতিরা হোয়াইটওয়াশ  

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১২, ৯ ডিসেম্বর ২০২৪
আইরিশদের কাছে জ্যোতিরা হোয়াইটওয়াশ  
বাংলাদেশ নারী ক্রিকেট দল

লো স্কোরিং ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৪ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৯ ডিসেম্বর) সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামা টিম টাইগ্রেস ৭ উইকেটে ১২৩ রানের বেশি তুলতে পারেনি। জবাবে আইরিশরা এক বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।

১২৪ রানের জয়ের লক্ষ্যে নামা আইরিশরা স্কোরবোর্ডে বিনা উইকেটে ৫৫ রান তুলে নেয়। এরপর দ্রুত তিন ব্যাটার ফিরলে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৪ রান। ২৮ রান করা হান্টারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। এরপর ২১ রান করা লুইসের উইকেট শিকার করেন রাবেয়া খান। রানের খাতা না খুলেই  বিদায় নেন লিয়া পল। তিনি মুর্শিদা খাতুনের সরাসরি থ্রোয়ে রান আউট হন।

Advertisement

রাবেয়া খানের বলে ওরলা প্রেন্ডারগাস্ট ব্যক্তিগত ১১ রানে নাহিদা আক্তারের তালুবন্দি হন। দলীয় রান একশ পেরোনোর পর ১৯ রান করা রেবেকা স্টোকেলকে বোল্ড করে ম্যাচ জমান নাহিদা। 

শেষ ওভারে আয়ারল্যান্ডের হয়ের জন্য দরকার ছিল ১৫ রান। স্বর্ণা আক্তারের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক জ্যোতি। প্রথম বলে এক রান এলেও আর্লিন কেলির রান আউটে জয়ের সুবাস পায় বাঘিনীরা। পরের বলে দুই রান নেন ডেলানি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে ডেলানি বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেন। 

লরা ডেলানি ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে রাবেয়া ৪ ওভারে ১৭ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পান নাহিদা ও সুমনা। 

এর আগে শেষ ম্যাচ জিতে লাল-সবুজের দলের হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্যে শুরুটা ভালো হয়েছিল। প্রথম ৬ ওভারে স্কোর ছিল এক উইকেটে ৪৯ রান। 

সোবহানা মোস্তারির সঙ্গে একাদশে ফেরা মুর্শিদা খাতুন উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেন। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডারগাস্ট হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মুর্শিদার ব্যাটে আসে ১২ রান।

তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ৩৩ বলে ৪টি চারে ৩৪ রানের ইনিংস খেলার পর স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। এর আগে তিনি দ্বিতীয় উইকেটে সোবহানার সঙ্গে ৭১ রানের জুটি গড়েন। ওপেনার সোবহানা ৪৩ বলে ৬ চারে দলের হয়ে সর্বাধিক ৪৫ রান করে বিদায় নেন।  

সুপ্তার বিদায়ের পর থেকে চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার পালা। ১৩ ওভারে বাঘিনীদের সংগ্রহ ছিল এক উইকেটে ১০০ রান। শেষ সাত ওভারে মাতে ২৩ রান নিতেই তারা চরম ব্যাটিং বিপর্যয়ে ৬ উইকেট হারিয়ে বসে। প্রথম তিন ব্যাটারের পর বাকিরা দুই অংকের ঘরে যেতে ব্যর্থ হন। 

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ঝলসে ওঠা ওরলা প্রেন্ডারগাস্ট ২২ রান খরচায় পান ৪ উইকেট। ২ উইকেট নেন এমি মাগুইরে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!