ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিউজিল্যান্ডকে ষষ্ঠবার হোয়াইটওয়াশের অভিযানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ১৩ ডিসেম্বর ২০২৪
নিউজিল্যান্ডকে ষষ্ঠবার হোয়াইটওয়াশের অভিযানে ইংল্যান্ড
ফটো- গেটি ইমেজ

প্রথম দুই টেস্ট জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই টেস্ট ইতিহাসে ষষ্ঠবারের মতো তিন ম্যাচ সিরিজে কিউইদের হোয়াইটওয়াশের লজ্জা দেবে ইংল্যান্ড। সেই লক্ষ্যে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে ইংলিশরা।

শনিবার (১৪ ডিসেম্বর) হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় আরম্ভ হবে শেষ টেস্ট। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে জয়ের জন্য মরিয়া নিউজিল্যান্ড।  

আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ঘরের মাঠে কিউইরা। প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে তিন ম্যাচ সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করেছিল। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ে। 

Advertisement

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে এবং ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ৩২৩ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে হোয়াইটওয়াশের মুখে ব্ল্যাক ক্যাপসরা।

সিরিজের শেষ টেস্টে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। দলের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘দুই টেস্টে আমরা ভালো খেলতে পারিনি। শেষ টেস্টে জয়ের জন্য ছেলেরা মরিয়া। আমরা জয় দিয়ে ভালোভাবে সিরিজ শেষ করতে চাই। যাতে হোয়াইটওয়াশের লজ্জায় আমাদের পড়তে না হয়।’

আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংল্যান্ডকে ঘায়েলের কথা জানান ল্যাথাম, ‘ইংল্যান্ড দারুণ ছন্দে আছে। তাদের থামাতে হলে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। যা প্রথম দুই টেস্টে আমরা সেটা করতে পারিনি। ব্যাটিং-বোলিংয়ে একসাথে জ্বলে উঠলে জয় পাওয়া অসম্ভব না।’

ওপেনার ডেভন কনওয়েকে পাবে না নিউজিল্যান্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন না এই বাঁহাতি ব্যাটার। প্রথম দুই টেস্টে তিনি ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি। চার ইনিংসে মাত্র ২১ রান করেন। 

কনওয়ের জায়গায় দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। তবে একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে ১৯ টেস্ট খেলা উইল ইয়াং। ভারতের বিপক্ষে সিরিজে ২৪৪ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। 

প্রথম দুই টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে বদ্ধপরিকর ইংল্যান্ড। শেষ ম্যাচেও কিউইদের বিপক্ষে জয়ের জন্য দল মাঠে নামবে ইংলিশরা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাই ইংল্যান্ডের প্রধান লক্ষ্য বলে জানান অধিনায়ক বেন স্টোকস। 

‘প্রথম দুই টেস্টে আমরা যেভাবে পরিকল্পনা করেছি, সেভাবেই খেলেছি। আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লেগেছে। শেষ টেস্টেও আমরা জয়ের জন্য মাঠে নামবো। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করবো, ছেলেরা নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে এবং সাফল্য নিয়ে এবারের নিউজিল্যান্ড সফর শেষ করবে।’

তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮, ২০০৪ ও ২০২২ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের মাটিতে মাত্র একবার ৩-০ ব্যবধানে সিরিজে জিতেছে ইংলিশরা। ১৯৬৩ সালের সফরে কিউইদের প্রথম হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল থ্রি লায়নরা।

দু’দলের মুখোমুখি লড়াইয়েও নিউজিল্যান্ডের চেয়ে ইংল্যান্ডের জয়ের পাল্লা ভারি। সাদা পোশাকের ক্রিকেটে ১১৪ মোকাবেলায় ইংল্যান্ডের জয় ৫৪টিতে, নিউজিল্যান্ড জিতেছে ১৩টিতে। বাকি ৪৭ টেস্ট হয়েছিল ড্র।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!