ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

হোয়াইট হাউসে পাঠানো চিঠিতে যা লিখলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ৬ জানুয়ারি ২০২৫
হোয়াইট হাউসে পাঠানো চিঠিতে যা লিখলেন মেসি
লিওনেল মেসি

ইতিহাসের মাত্র দ্বিতীয় এবং প্রথম পুরুষ ফুটবলার হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডম’ জিতেছেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো। তবে ফুটবলকে অগ্রাধিকার দিয়ে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। মেসি ছাড়াও এ বছর অন্যদের মধ্যে মেডেল অব ফ্রিডম পেয়েছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন। 

প্রতি বছর যুক্তরাষ্ট্রের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া হয় এই পুরস্কার। যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার মেগান রাপিনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এ বছর এই পুরস্কার জিতলেন মেসি।

গত শনিবার (৪ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে তার পদক বুঝে নেয়ার কথা ছিল। কিন্তু হোয়াইট হাউসের ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। মেসির তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ক্লাবের মাধ্যমে মেসি হোয়াইট হাউসে একটি চিঠি পাঠান। চিঠিতে এলএম টেন লেখেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। এই খেতাবে ভূষিত করায় আমি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত, অন্যান্য ব্যস্ততার কারণে আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।’

আর্জেন্টাইন মহাতারকার বয়স যখন ছিল ৬ বছর, তখন তিনি নিউওয়েজ ওল্ড বয়েজের হয়ে খেলা শুরু করেন। ঐ সময় ক্লাবে যাদের সতীর্থ হিসেবে পেয়েছিলেন, এতবছর পর তাদের সঙ্গেই তিনি দেখা করতে গিয়েছেন। মূলত শেকড়ের টানে ও শিশুকালের সতীর্থদের সঙ্গে সময় কাটানোকে প্রাধান্য দেওয়া মেসি  মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিতে যাননি।

মেসির পুরস্কার জেতার পর এক বিবৃতিতে ইন্টার মায়ামি লিখেছে, ‘লিও (মেসি) হোয়াইট হাউসকে একটি বার্তা দিয়েছে। যেখানে মেসি বলেছে, সে দারুণভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়াটা দারুণ সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সাংঘর্ষিক সূচির কারণে এবং পূর্বপ্রতিশ্রুতির কারণে অনুষ্ঠানটিতে সে উপস্থিত থাকতে পারবে না। তবে অদূর ভবিষ্যতে সে তাঁর (বাইডেন) সঙ্গে দেখা করার সুযোগ পাবে বলে আশাবাদী।’

মেসিকে পুরস্কার দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস লিখেছে, ‘তিনি পেশাদার ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়। লিওনেল মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়েও তিনি কাজ করে যাচ্ছেন।’

লম্বা বিরতি কাটাতে তিনি বর্তমানে জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে অবস্থান করছেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে তার ‘মেডেল অব ফ্রিডম’ নিতে না আসার কারণ ফাঁস করেছেন বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!