ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভাইরাল নিউজ ]

পিএসসির গাড়িচালক আবেদ আলী ভাইরাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ৯ জুলাই ২০২৪
পিএসসির গাড়িচালক আবেদ আলী ভাইরাল
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলীর অবৈধভাবে উপার্জিত আরো অর্থ-সম্পদের তথ্য উঠে এসেছে। এরই মধ্যে তিনি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন।

পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী অন্তত ৫০ কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি, তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। কয়েক বছর ধরে তিনি অঢেল সম্পদ গড়েছেন।

নিজের এলাকায় তিনি শিল্পপতি পরিচয়ে চলতেন। তার এসব অপকর্ম সম্পর্কে এলাকার মানুষ কিছুই জানতেন না। প্রশ্নফাঁসের বিষয়টি সামনে এলেই তার সবকিছু ফাঁস হয়ে পড়ে। নানা অপকর্মের অন্যতম এই হোতার ধর্মীয় নানা বিষয়; বিশেষ করে যেখানে সেখানে নামাজ আদায় করার ছবি নিয়ে চলছে জোর সমালোচনা।

Advertisement

গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। পাশাপাশি আবেদ আলীর ছেলেসহ মামলার ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জবানবন্দি দেওয়া আসামিরা বলেন, অপর ছয়জন আসামি হলেন- গাড়িচালক আবেদ আলী, অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ঢাবির সাবেক শিক্ষার্থী বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং লিটন সরকার (বেকার)।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসি’র উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুল হাসান।

এদিন এ মামলায় গ্রেফতার ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। 

এ ছাড়া অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে ১০ আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রশ্নফাঁসের ঘটনায় গত ৮ জুলাই রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। মামলায় ৩১ জনের আসামির নাম উল্লেখ করে অর্ধশতাধিক অজ্ঞাতনামে আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!