ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

ভালোবাসা

মূলঃ হারুকি মুরাকামি (উপন্যাস- নরওয়েজিয়ান উড)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ 
প্রকাশিত: ১২:০৯, ৯ মে ২০২৩
ভালোবাসা
ছবিঃ অন্তর্জাল প্রতীকী

“আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কাউকে খুঁজে বের করব, যে আমাকে বছরের ৩৬৫ দিনই শর্তহীনভাবে ভালোবাসবে। তখনও আমি প্রাইমারি স্কুলে পড়ি- সম্ভবত ক্লাস ফাইভ অথবা সিক্সে। তবে সেটাই ছিল আমার নেয়া চূড়ান্ত সিদ্ধান্ত।”

“তাই?” আমি বললাম। “তোমার সেই অনুসন্ধান কি সফল হয়েছিল?”
“সেটাই দুঃখজনক,” মিডোরি বলল। চিন্তা করতে করতে সে সিগারেটের উদীয়মান ধূয়ার দিকে তাকাল। 

“আমার মনে হয় এতোদিন আমি শুধু পারফেকশন খোঁজ করে আসছিলাম, যা আমার কাজকে কঠিন করে দিয়েছে।”

“তুমি কি পারফেক্ট ভালোবাসার জন্যে অপেক্ষা করছিলে?”

Advertisement

“না, তার চেয়েও বেশি কিছু চাচ্ছিলাম আমি। আমার এই চাওয়াকে পারফেক্ট স্বার্থপরতাও বলা যেতে পারে। যেমন, ধরো, আমি একটা স্ট্রবেরি কেক খেতে চাচ্ছিলাম। এবং তুমি তোমার সকল কাজ বন্ধ করে দিয়ে দৌড়াদৌড়ি করছিলে আমার জন্যে সেই কেকটি কিনে আনার জন্যে। কিছুক্ষণ পর ঊর্ধ্বশ্বাসে তুমি ফিরে এসে, হাঁটু গেড়ে আমার সামনে বসেছিলে এবং হাত বাড়িয়ে কেকটি আমাকে দিয়েছিলে। আমি তখন বলেছিলাম যে, আমার এখন আর কেক চাই না। তুমি ওটাকে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দাও। এমন ধরনের কিছুই খোঁজ করছিলাম আমি।”
 
“এর সাথে ভালোবাসার সম্পর্ক কী?” আমি অবাক হয়ে বললাম। 

“আছে,” সে বলল। “কিন্তু তুমি জানো না। কোনো কোনো সময়ে একটা মেয়ের কাছে এই ধরনের বিষয়গুলোই অবিশ্বাস্য রকমের গুরুত্বপূর্ণ।” 

“তুমি কি বলতে চাচ্ছ স্ট্রবেরি কেক জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেওয়ার মতো বিষয়গুলো?”

“সঠিক। এবং আমি যখন এটা করি, আমি তখন চাই প্রেমিক আমার কাছে  ক্ষমা প্রার্থনা করুক। বলুক, মিডোরি, আমি আসলেই একটা হদ্দবোকা ছেলে! আমার আগেই বোঝা উচিত ছিল যে, তুমি স্ট্রবেরি কেক খাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলতে পারো। আমার মাথায় আসলে গাধার গোবরের টুকরা পরিমাণ বুদ্ধি বা অনুভূতিও নেই। আমি বুঝতে পেরেছি। এখন আমি আবার বের হবো। তোমার জন্যে অন্যকিছু কিনে আনব। কী পছন্দ তোমার? চকলেট মুসে? নাকি চিজ কেক?”

“তারপর কী?”

“তারপর আমি তাকে তার প্রাপ্য সকল ভালোবাসা দেবো, যা সে তার কাজের মধ্যদিয়ে অর্জন করেছে।”

“আমার কাছে পুরো ব্যাপারটাকেই পাগলামি বলে মনে হচ্ছে।”

“হতে পারে। তবে আমার কাছে এটাই ভালোবাসা।”

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!