তৈরি
শাড়ীর আঁচল কি শুধুই চোখ মুছবার?
কিংবা কাগজ; এপিটাফ লিখবার?
বোতলে ভরা সুবাস কি অন্যের জন্য?
উত্তীর্ণ হওয়ার মতো মেয়াদ কী শুধুই পণ্যের জন্য?
পাতা। জন্ম থেকেই গাছের সবুজ অপরাধ;
নীল আকাশ অনধিকারে ভাঙ্গে কষ্টের নীল বাঁধ।
এই জগতে সবকিছু;
তৈরি হয় যার জন্য,
বৈরি হয় তার- সবচেয়ে বেশি।
অন্য কাজে লাগবে বলেই সূর্যের এত আলো।
অথচ জন্মেছিলো ছাইয়ের মতো নরম করে
-পোড়াতে।
বিশ্বকে।
কিংবা একদল নিঃস্বকে।
ঋণ
এক টাকার একটা কয়েন চাই তোমার কাছে!
কারণ জানবে অবশ্যই, তবে সে সবের আগে...
কয়েনের দু পাশেই সমান দরদে ঠোঁট ছুঁইয়ে দিও।
এরপর একটা রুমালে জড়িয়ে সেই ধাতব মুদ্রাটা
আমার হাতে দিও।
আমি যত্নে আগলে রাখার বদলে তা শূন্যে ছুঁড়ে দেবো।
তোমাকে আহ্বান জানাবো, বেছে নিতে -এক পাশ।
বলো, হেড না টেইল?
তুমি যে পাশই বেছে নাও না কেনো,
নিশ্চিত জিতবো আমিই!
কারণ, হেড পড়ুক আর টেইল....
দু পাশেই আমার জন্য রাখা
তোমার স্পর্শ জড়িয়ে আছে।
এই তো আমার জেতা!
এই তো আমাকে জেতা!
কত সহজে। কতটা মূল্যহ্রাসে!
মুদ্রা বা মোহরে না; শিশিরের ঘোরে সবুজের ঘাসে।
জানি...
টাকায় আট মন চাল কেনা যায় না এখন।
তবুও, এক টাকায়
অনায়াসেই একটা মন কেনা যায়!
আমার মন।
.png)