জাতীয় জাদুঘরে দেওয়া হলো ‘একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস সম্মাননা’
বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি, বাংলাদেশ ঊষসী’র উপদেষ্টা, কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ একান্নবর্তী আয়োজিত ‘একান্নবর্তী-রণজিৎ বিশ্বাস সম্মাননা’ প্রদান করা হয়েছে।
সোমবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছায়া কর্মকারের কণ্ঠে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তরা হলেন- প্রামাণ্যচিত্র নির্মাতা ফৌজিয়া খান, কথাসাহিত্যিক কাজি রাফি ও শিশু সাহিত্যিক ইমরুল ইউসুফ। সবাইকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট, ফুলসহ একটি টব ও নগদ অর্থ দেওয়া হয়।
.png)
শেলী সেনগুপ্তা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব খলিল আহমদ, বিশেষ অতিথি ছিলেন বিটিভির মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম (অতিরিক্ত সচিব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন শেলী সেনগুপ্তা’র কানাডা প্রবাসী মেয়ে উপমা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর পাল ও রুপশ্রী চক্রবর্তী।
সম্মাননাপ্রাপ্ত গুণীরা নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন। এ উপলক্ষে একটি সুদৃশ্য সুভেনির প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ড. রণজিৎ বিশ্বাসকে নিয়ে স্মৃতি চারণ করেন তার কর্ম সহযাত্রী বিসিএস ৮১ ব্যাচের কর্মকর্তা সমর পাল, উপসচিব রাজীব সরকার, কবি নাসির আহমেদ এবং কথাসাহিত্যিক ঝর্না রহমান।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শ্রেয়া এবং ছড়া। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার এর সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, বাবুল সরকার, সঞ্জীব ও ঝর্না রহমান।