সালমা আক্তার-এর দুটি কবিতা
মনে পড়ে
আজকাল তুমি কথা বলো হিসেব করে ,ভীষণ ক্যালকুলেটিভ
হৃদয় দিয়ে প্রেমের আলাপে সায় নেই তেমন
বুকের হাড়ে জমা অসুখ, খোঁজ নেই তারও কোনো।
.png)
অথচ একটা সময় তুমি পাশে থাকলে পৃথিবীতে আমি একা এমন বোধ তীব্র হয়ে বুকের পাজরে কাপুনি ধরাত না
তোমার ঘেমোগন্ধ ছাপিয়ে শক্ত আলিঙ্গনে সুখ ছড়িয়ে পড়তো আনাচে কানাচে।
ক্যান্সার জনিত মৃত্যুভয় নিয়ে এখন আমার আয়ু কমছে
গভীর জলের মধ্যে ডুব সাতারে অক্সিজেন ফুরিয়ে যাবার মত যন্ত্রণা হচ্ছে
অবচেতন ইচ্ছের সাথে দৌঁড়াচ্ছি তোমার চিবুক ছুঁয়ে দেবার বাসনা নিয়ে
আমাদের স্বল্প সময়ের সুখ স্মৃতির সূচিকর্ম টাঙিয়ে রেখেছি পৃথিবীর দেয়ালে দেয়ালে।
তুমি ভুলে যাচ্ছ আমাকে
থমথমে এই ক্লান্ত দুপুরে তোমাকে ভীষণ মনে পড়ে।
শিরোণাম
এক কোটি প্রদীপ জ্বেলে যে বসে রইল
তোমার নির্মল স্বীকারোক্তি শুনবে বলে!
তাকে নির্লিপ্ত সংকোচ
কিংবা গুটিয়ে নেওয়া দেখাতে যেওনা।
অন্তরাত্মায় যে প্রেম উদগীরণ ঘটে গেছে
তার দোদুল্যমান প্রবাহ কী করে থামাবে?
কামুকতা না থাকুক,
তবু অন্তত প্রকাশিতব্য স্পর্শে
দীর্ঘমেয়াদী চুম্বনে
গভীর প্রেমের একটা শিরোণাম হোক!