ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

ধর্মীয় পরিচয় যার যার, দেশ সবার’—নিপুণ রায় চৌধুরী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ১০ অক্টোবর ২০২৬
ধর্মীয় পরিচয় যার যার, দেশ সবার’—নিপুণ রায় চৌধুরী
সংগ্রহীত ছবি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষা করতে হবে। ধর্মীয় পরিচয় আলাদা হলেও দেশ সবার—এই চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া দক্ষিণপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও দুর্গামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

সমাজের প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে নিপুণ রায় বলেন, আর্থিক সংকটের কারণে কেউ যেন ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। পূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণের মতো উদ্যোগ মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বহিঃপ্রকাশ। সমাজের সব সম্প্রদায়ের মানুষ যাতে সমান সুযোগ পান, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিহিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে অন্যায় কিংবা ষড়যন্ত্রের কারণে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ এক। আমরা সবাই বাংলাদেশকে ধারণ করি। আমাদের সবার স্লোগান—সবার আগে বাংলাদেশ।’

এ সময় তিনি কেরানীগঞ্জে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!