ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

ডেঙ্গু প্রতিরোধে কড়াইলে মশারি বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৬, ১০ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে কড়াইলে মশারি বিতরণ কর্মসূচি
সংগৃহীত ছবি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর কড়াইল এলাকায় মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টায় বনানী মডেল হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের মধ্যে মশারি বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন।

কর্মসূচিতে ডা. এসএম খালিদুজ্জামানও উপস্থিত ছিলেন। নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সেলিম উদ্দিন অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের সাধারণ মানুষ নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। চাঁদাবাজি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের সমস্যা বুঝে সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম ব্যক্তিদের নেতৃত্বে আনার আহ্বান জানান তিনি।

দেশের চিকিৎসাব্যবস্থা নিয়েও বক্তব্য দেন সেলিম উদ্দিন। তিনি বলেন, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উন্নত দেশগুলোর চিকিৎসাব্যবস্থার সঙ্গে তুলনা করে এ খাতে সেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যেসব স্থানে পানি জমে থাকে, সেসব জায়গা পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ময়লা-আবর্জনা জমতে দেওয়া যাবে না। ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শও দেন তিনি।

সেলিম উদ্দিন আরও বলেন, জামায়াতে ইসলামী সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। সিটি করপোরেশন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিদের নেতৃত্বে আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এ ছাড়া মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা কাইয়ুম, মু. জয়নাল আবেদীন, মু. আতিকুল ইসলাম, শাহজাহান সরকার, মাওলানা আবদুল মান্নান, প্রকৌশলী কামরুজ্জামান ও হাফেজ গোলাম আজম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গুলশান পশ্চিম থানা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন। মশারি বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, একই ধরনের মশারি বিতরণ কর্মসূচি বনানী ও ভাষানটেক থানায়ও অনুষ্ঠিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!