ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি ছাত্রশক্তির

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি ছাত্রশক্তির
জাকসুর তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ধারাবাহিকতা রক্ষায় দ্রুত একাদশতম জাকসু নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Advertisement

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে দ্রুত পরবর্তী নির্বাচনের তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “২০২৫ সালে নির্বাচিত জাকসু প্রতিনিধিদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা। কিন্তু শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতার দায় সংশ্লিষ্ট প্রতিনিধিদেরই নিতে হবে।”

তিনি বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারাবাহিকতা কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। প্রশাসনিক জটিলতা বা আর্থিক অনিশ্চয়তার অজুহাতে জাকসুর নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।”

জিয়া উদ্দিন আয়ান আরও বলেন, “অবিলম্বে একাদশতম জাকসুর তফসিল ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে জাতীয় ছাত্রশক্তি।”

স্মারকলিপি প্রদানকালে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!