ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: ক্ষতিগ্রস্ত রাজশাহী রেলওয়ে স্টেশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তদন্ত কমিটিতে রয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং পাকশী কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, এর আগে এ ঘটনার জেরে এনআরবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই চার কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটির বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশন ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে রেল কর্তৃপক্ষ ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে।

তবে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। 

এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ডেইলি-বাংলাদেশ//এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!