ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

এবারও হচ্ছে না বিভাগীয় শহরে জাবির ভর্তি পরীক্ষা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
এবারও হচ্ছে না বিভাগীয় শহরে জাবির ভর্তি পরীক্ষা
জাবি, প্রবেশদ্বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও চলতি বছর তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেন্দ্র ও সময় ব্যবস্থাপনাসহ বিভিন্ন জটিলতার কারণে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ইতোমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে। ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর জাবির ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে মার্চের শেষ দিকে অথবা এপ্রিল মাসে পরীক্ষা আয়োজন করতে হতে পারে। এতে কাঙ্ক্ষিত ও মানসম্পন্ন শিক্ষার্থী পাওয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

ভর্তি কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পদ্ধতিগত পরিবর্তন এনে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের পরামর্শ প্রয়োজন।

তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। আমরা যদি বিভাগীয় পর্যায়ে যাই, সেক্ষেত্রে আমাদের পরীক্ষা মার্চের শেষের দিকে অথবা এপ্রিলে নিতে হবে। এতো পরে অন্যান্য সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার পরে কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া যাবে না।

বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কেন্দ্র ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। এতে ভর্তি পরীক্ষার আবেদন ফি বেড়ে যেতে পারে বলে জানান তিনি।

আলী রেজা আরো বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে কনডাক্ট করতে গেলে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেবে, তাদের একটা ডিমান্ড আছে। পরীক্ষা কনডাক্ট করার জন্য সেগুলো দিতে গেলে ফর্মের দাম অনেক বেড়ে যায়। সব তথ্য উপস্থাপন করে একাডেমিক কাউন্সিলে যাওয়া হবে। একাডেমিক কাউন্সিল যে পরামর্শ দেবে, সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা কঠিন হবে। আমরা যে স্লটগুলো নেব, সে স্লটগুলো বন্ধ হয়ে গেছে। পরীক্ষা শেষে নিতে হলে আমাদের এপ্রিল-মে-এর আগে সম্ভবই না। যেটা আমাদের জন্য দেরি হয়ে যায়।

তিনি আরও জানান, আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কাউন্সিল সভার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশের চার বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে পৃথক উপ-কমিটি গঠন করে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, কেন্দ্র ব্যবস্থাপনা, জনবল ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে উপ-কমিটিগুলো। সংগৃহীত তথ্য ও সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে। একাডেমিক কাউন্সিলের পরামর্শের ভিত্তিতেই ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!