কুবির রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নতুন উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ৪১ শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কুমিল্লা জেলা কার্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’।
২০২৬-২৭ অর্থবছরের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন হয় রোববার (৪ অক্টোবর)। প্রশিক্ষণ চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
.png)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং একই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক কুমিল্লা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন। কোর্স পরিচালকের দায়িত্বে রয়েছেন বিসিকের উপব্যবস্থাপক মো. আব্দুল্লাহ-আল-মাসুম। এ সময় বিসিক জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে সফল উদ্যোক্তার গুণাবলি, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, SWOT বিশ্লেষণ, উৎপাদন ব্যবস্থাপনা, অনলাইন বিপণন এবং প্রকল্প প্রোফাইল তৈরিসহ উদ্যোক্তা হওয়ার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এ বিষয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ‘পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট’ কোর্স যুক্ত করা হয়েছে। এর অন্যতম অংশ উদ্যোক্তা উন্নয়ন।
তিনি বলেন, বাস্তব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিসিকও রয়েছে।
তারই ধারাবাহিকতায় আইকিউএসি’র সমন্বয়ে রসায়ন বিভাগ ও বিসিকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য পাঁচ দিনব্যাপী এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।