ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

ইবি ছাত্রদলের উদ্যোগে আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২৭ অক্টোবর ২০২৬
ইবি ছাত্রদলের উদ্যোগে আবাসিক হলগুলোতে ডিপ ফ্রিজ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হলে ১টি করে মোট ৯টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই ডিপ ফ্রিজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুনের সভাপতিত্বে ও সদস্যসচিব রাফিজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ। 

এছাড়া গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ। হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। 

শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমী মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রোগ্রাম শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে আমাদের সংগঠন। অভিভাবক, সাবেক নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের এলামনাইয়ের কাছে শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতা চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় রাজপথে ছিল। যেকোনো মুহূর্তে বিপদে ও অসুবিধার সম্মুখীন হওয়া শিক্ষার্থীদের  পাশে দাঁড়িয়েছি আমরা। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ছাত্রদল তাদের পাশে থাকবে।

গেস্ট অব অনার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ বলেন, ছাত্রদের যৌক্তিক দাবি-দাওয়া সম্পর্কিত ছাত্রদলের কার্যক্রমগুলো শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, এই অঞ্চলের সকল  শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে নৈতিক জায়গা থেকে দায়িত্ব ও ভূমিকা পালন করবে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্রদল একটা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে কার্যকারী ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, ছাত্রদলের আজকের এই কর্মসূচী প্রশংসনীয় ও একটি দৃষ্টান্ত বটে। ​বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার একটি ক্ষেত্র। এখানে বিভিন্ন মত, পথের মানুষ থাকবে, বিভিন্ন সৃজনশীল ছাত্রসংগঠন থাকবে। যার যার অবস্থান থেকে তাদের লক্ষ্য-উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে প্রচার এবং মোটিভেশন দেওয়ার চেষ্টা করবে। কার্যক্রমটি দৃষ্টান্ত ধরে অপরপর সকল ছাত্রসংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের জন্য পরিচালিত করলে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক একটি পরিবর্তন ঘটবে।

ডেইলি-বাংলাদেশ/ইবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!