ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবিতে বিদ্যুৎ সরবরাহের টেকসই সমাধান খুঁজতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২ নভেম্বর ২০২৬
জাবিতে বিদ্যুৎ সরবরাহের টেকসই সমাধান খুঁজতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক
উপাচার্যের কার্যালয়ে চীনের টিজিএস গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিয়ে চীনের টিজিএস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে টিজিএস গ্রুপের চেয়ারম্যান মি. ইয়িন হং বিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর সমাধান, বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর ও পরিবেশগত টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।

এ সময় উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের প্রস্তাবকে স্বাগত জানান। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সিনকোস অটোমেশন টেকনোলজিস লিমিটেডের পরিচালক (প্রকৌশল) নাসিক আক্কাস এবং আরাইজ ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক কানিজ ফাতিমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!