দীর্ঘ কর্মজীবনের ইতি, অশ্রুসিক্ত ভালোবাসায় শিক্ষকদের বিদায় সংবর্ধনা
দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া শিক্ষকদের সম্মাননা জানাতে ভোলার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ্ মো. নোমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতা ও বিদ্যালয়ের সেবায় নিয়োজিত থেকে অবসরে যাওয়া আরও কয়েকজন শিক্ষক ও কর্মচারীকে সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা পাওয়া অন্য শিক্ষকরা হলেন- সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, হিসাববিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মো. শাহাজল হক, ধর্মীয় শিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, কৃষিশিক্ষা বিষয়ের সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র দে, বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক খাদিজা নাছরিন, সামাজিক বিজ্ঞান বিষয়ের সিনিয়র শিক্ষক মো. শাহে আলম, নায়না পারভীন ও মো. শফিকুল ইসলাম এবং বাংলা বিষয়ের সহকারী শিক্ষক ক্ষুদিরাম চন্দ্র দে। এ ছাড়া বিদ্যালয়ের অফিস সহায়ক মো. আলমগীরকেও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মো. হাবিব উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন এবং ওসি মো. আশ্রাফ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন, মোসলেউদ্দিন, বিমল সেন, জাকির হোসেন, হাসনাইন, রিয়াদ হোসেনসহ বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা।