ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রশাসন ভবন চত্বর থেকে র্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশ নতুন করে একটি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। সেই ফ্যাসিস্ট মুক্তির মধ্য দিয়ে আপামর জনসাধারণ, সিপাহী-জনতা একাত্মতা প্রকাশ করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে দেশের দায়িত্বভার অর্পণ করে। নতুন বাংলাদেশের স্থপতি, সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিগত দিনের নানা সীমাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে তার স্বতন্ত্র অবস্থানে ফিরিয়ে নিতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা আমাদের লক্ষ্য। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান।