ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবিতে দর্শন বিভাগের উদ্যোগে বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ১০ নভেম্বর ২০২৬
চবিতে দর্শন বিভাগের উদ্যোগে বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবীণদের পরবর্তী জীবনের দিক নির্দেশনা ও নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানানো এবং প্রতিটি সেশনের মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সকালে আলোচনা সভা ও বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে দর্শন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনিয়া পারভীন লাকী ও সাকিল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এফ.এম. এনায়েত হোসাইন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. নুসরত জাহান কাজল, অধ্যাপক ড. আকিকুল হক, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শাম্মী আক্তার সুরভী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন তৌকির আহম্মেদ।

 

অনুষ্ঠানের বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, "দর্শন বিভাগ বলতেই মানুষের মনে সক্রেটিস, প্লেটো কিংবা জ্ঞানচর্চার এক গভীর জগৎ ভেসে ওঠে। দর্শন এমন একটি বিষয়, যা মানুষকে শুধু জ্ঞান অর্জন করতে শেখায় না; বরং জ্ঞানকে বিশ্লেষণ করতে, প্রশ্ন করতে এবং জীবনের নানা বিষয় গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান।"

 

বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের সময় নয়, বরং নিজেকে যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। এ সময় তিনি শিক্ষার্থীদের সৎ, আত্মবিশ্বাসী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান।"

 

দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এফ.এম. এনায়েত হোসাইন বলেন, "আজকের এই দিনটি তাৎপর্যপূর্ণ দিন। বরণ-বিদায় এটি একটি শিক্ষক -শিক্ষার্থীদের কমিউনিকেশন মাধ্যম। নবীণ শিক্ষার্থীরা দর্শন পরিবারে যুক্ত হয়েছে। এছাড়া তাদের একটি সেমিস্টার শেষ হয়েছে। তারা বিভাগে ভর্তির সাথে সাথে আমরা ক্লাস শুরু করেছি।"

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "অর্জিত মেধার প্রোয়োগ ঘটাতে হবে। জীবনে সফল হতে হলে ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। প্রতিকূল পরিস্থিতিতে হতাশ না হয়ে দৃঢ় মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অতীতের অভিজ্ঞতা ও জীবনের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।"

 

নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিময় বিশ্ববিদ্যালয় জীবনের প্রতি শুভকামনা জানানোর মধ্য দিয়ে আবেগ, আনন্দ ও প্রত্যাশায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

ডেইলি-বাংলাদেশ/চবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!