ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবি শিক্ষার্থীদের ৭ দফা দাবি জানাল ছাত্রদল

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ১৩ নভেম্বর ২০২৬
চবি শিক্ষার্থীদের ৭ দফা দাবি জানাল ছাত্রদল
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ছয় দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, পরিবহন ও খাদ্যসহ নানা সমস্যা এখনো রয়ে গেছে। এসব সমস্যার স্থায়ী সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের প্রতিনিধিরা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিনের আবাসন সংকট, পর্যাপ্ত ও মানসম্মত চিকিৎসাসেবার অভাব, পরিবহন সংকট, প্রয়োজনীয় একাডেমিক অবকাঠামোর অপ্রতুলতা এবং ক্রীড়া ও শরীরচর্চার সীমিত সুযোগ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে। পাশাপাশি সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গার অভাবও রয়েছে।

এতে আরও বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আবাসিক হলে আসন বরাদ্দে অনিয়ম ও সুপারিশনির্ভর ব্যবস্থার অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের এসব সমস্যা সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ছাত্রদলের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১. শতভাগ আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি হলের নামকরণ।

২. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়ন।

৩. পরিবহন সংকট নিরসনে নতুন শাটল ট্রেন ও বাস সার্ভিস চালু।

৪. দ্রুত আধুনিক টিএসসি নির্মাণ এবং ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য কার্যালয় বরাদ্দ।

৫. সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণ।

৬. বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংস্কার ও আধুনিকায়ন।

৭. ৫ আগস্ট-পরবর্তী সময়ে সুপারিশের মাধ্যমে অবৈধভাবে বরাদ্দ দেওয়া আবাসিক হলের আসন বাতিল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এসব দাবি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক সংগঠনের সংকীর্ণ স্বার্থসংশ্লিষ্ট নয়। বরং এগুলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। মানসম্মত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এসব দাবির বাস্তবায়ন জরুরি।

শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দায়িত্বশীল, গঠনমূলক ও শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/চবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!