ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জুয়ার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা করল পাষণ্ড স্বামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯, ৯ নভেম্বর ২০২০
জুয়ার টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা করল পাষণ্ড স্বামী
ছবি- সংগৃহীত

জুয়ার বোর্ডে হেরে এসে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছেন পাষণ্ড স্বামী মো. মহিউদ্দিন। এ ঘটনায় মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জোসনার স্বজনদের অভিযোগ, জুয়া খেলার টাকার জন্য প্রায়ই জোসনাকে নির্যাতন করতেন তার স্বামী মহিউদ্দিন। গত শুক্রবার রাতে জুয়া খেলায় হেরে বাসায় ফিরে জোসনার কাছে টাকা চান তিনি। টাকা না দেয়ায় জোসনাকে শ্বাসরোধ করে হত্যার পর মহিউদ্দিন ঘটনাটি ‘আত্মহত্যা’ বলে নাটক সাজানোর চেষ্টা করেন। 

পরে মেয়েকে হত্যার অভিযোগে শনিবার রাতে নিহত জোসনার মা কোহিনুর বেগম বাদী হয়ে রূপনগর থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।  

Advertisement

রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত জোসনার স্বামী মহিউদ্দিন অটোরিকশা চালাতেন ও জুয়া খেলতেন। জুয়া খেলার বিষয় নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, স্ত্রী হত্যার অভিযোগে শনিবার রাতেই মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অন্য আসামিকে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!