বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ উদ্ধার করা হয় ভয়ংকর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) এবং আইস।
এ ঘটনায় গ্রেফতার পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব। মামলার এজাহার অনুযায়ী, তার বাসা থেকে সর্বমোট প্রায় ২ লাখ ১১ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে র্যাব। এর মধ্যে শুধুমাত্র মদই উদ্ধার করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের।
.png)
এজাহারে বলা হয়, বনানীর ১৯/এ সড়কের ওই বাড়ির ৫ম তলায় বিপুল পরিমাণ মাদক মজুদ আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। এরপর ওই বাসা থেকে পরীমনি ও দীপুকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের তথ্য ও দেখানো মতে ১৯ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। যার পরিমাণ ১৮ দশমিক ৫ লিটার। প্রতি লিটার বিদেশি মদের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা হিসেবে এসব মদের মোট দাম ১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
বুধবার বিকেলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরীমনির বনানীর বাসায় অভিযানে যান ফোর্সটির গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় চার ঘণ্টার অভিযানে তাকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরে তাকে র্যাব সদর দফতরে নেয়া হয়।