ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ১০ সেপ্টেম্বর ২০২১
শিক্ষার জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে: ডিএনসিসি মেয়র
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিএনসিসির পক্ষ থেকে ‘শিক্ষার জন্য সুস্থ পরিবেশ’ নিশ্চিত করা হচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পরিচালিত তিনদিনের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আগেই ডিএনসিসি এলাকার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা এবং খেলার মাঠ ও ছাদসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন হবে। পাশাপাশি টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করার কাজ সম্পন্ন হবে।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, সরকারি, বেসরকারি ও আধা-সরকারি মোট ৪৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আজ শেষ দিন। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গণটিকার আওতায় দ্বিতীয় ডোজ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলোতে আগামীকাল ১১ সেপ্টেম্বর বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকমণ্ডলীর প্রতি শিক্ষার্থীদের মাস্ক পরিহিত অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানের ব্যবস্থার বিষয়েও খেয়াল রাখার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!