ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বকশিশ না পাওয়ায় ‘অক্সিজেন মাস্ক খোলায় রোগীর মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ১১ নভেম্বর ২০২১
বকশিশ না পাওয়ায় ‘অক্সিজেন মাস্ক খোলায় রোগীর মৃত্যু’
র‌্যাবের হাতে গ্রেফতার আসাদুজ্জামান ওরফে দলু। ছবি: সংগৃহীত

অক্সিজেনের মাস্ক খুলে নেয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারী আসাদুজ্জামান ওরফে দলুকে আটক করা হয়েছে।

আসাদুজ্জামানকে ঢাকা থেকে আটক করা হয়েছে বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে। 

এর আগে, ওই হাসপাতালের সার্জারি বিভাগে মঙ্গলবার রাতে অক্সিজেন মাস্ক খুলে নেয়ায় বিকাশ চন্দ্র কর্মকার নামের এক রোগী মারা যায় বলে তার স্বজনরা অভিযোগ করে। এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

বিকাশের বাবা বিশু চন্দ্র কর্মকার জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলায় তাদের বাডি। ছেলে বিকাশ মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে মঙ্গলবার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগ থেকে মাথায় ব্যান্ডেজ ও অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে ট্রলিতে করে নেয়া হয় হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগে।

সেখানে মেঝেতে বিকাশকে নামিয়ে দেয়ার পর ট্রলি বহনকারী ওয়ার্ডবয় দুলু তার কাছে ২০০ টাকা বকশিশ চান। আর্থিক অসঙ্গতির কথা উল্লেখ করে তিনি তাকে ১৫০ টাকা দেন। তবে দুলু বাকি ৫০ টাকার জন্য চাপাচাপি করতে থাকেন। বাকি টাকা না পেয়ে একপর্যায়ে বিকাশকে রেখে অক্সিজেন মাস্ক খুলে নেন তিনি। এর কয়েক মিনিটের মধ্যেই মুখে ফেনা উঠে প্রাণ যায় বিকাশের।

গাইবান্ধার একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত বিকাশ। লেখাপড়ার পাশাপাশি একটি ওয়ার্কশপেও সে কাজ করত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!