ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড়ি ভাড়া চাওয়ায় মালিকের গলা কাটলো ভাড়াটিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ৪ ডিসেম্বর ২০২১
বাড়ি ভাড়া চাওয়ায় মালিকের গলা কাটলো ভাড়াটিয়া
ফাইল ফটো

রাজধানীর সবুজবাগে দুই বছর আগের বকেয়া বাড়ি ভাড়া চাওয়ায় জহির মুন্সি নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ নাজমুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার রাত ১টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। পরে শনিবার ভোর রাতে ময়নাতদন্তের জন্য জহিরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জহিরের চাচাতো ভাই আল-আমিন জানান, শুক্রবার রাত ১১ টার দিকে জহিরকে ফোন করে পূর্ব বাসাবো হক সোসাইটির শেষ মাথার খালপাড়ে নিয়ে যান অভিযুক্ত নাজমুল। পরে সেখানে জহিরকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে রাত দেড়টায় ঘটনাস্থলে গিয়ে জহিরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

Advertisement

তিনি আরো বলেন, দুই বছর আগে জহিরের বাসায় ভাড়া থাকতেন নাজমুল। পরে নতুন চাকরি হলে তিনি বাসা ভাড়ার ৭ হাজার টাকা না দিয়ে চলে যান। তিনদিন আগে আগে নাজমুলের সঙ্গে আবার দেখা হলে পাওনা টাকা চান জহির। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে জহিরকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন নামজমুলকে আটক করে পুলিশে দেয়। এ সময় নাজমুলের সঙ্গে থাকা তার বোন জামাই আলমগীর পালিয়ে যান।

আল-আমিন বলেন, মাত্র ২৭ দিন আগে বিয়ে করেছিল জহির। নতুন বউটা বিধবা হলো। জহির পূর্ব বাসাবোর কদমতলার বাসিন্দা।

সবুজবাগ থানার এসআই মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, আমরা রাতে খবর পেয়ে সবুজবাগ হক সোসাইটির শেষ মাথায় খালপাড়ে রক্তাক্ত অবস্থায় জহিরের মরদেহ দেখতে পাই। পরে সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি আরো বলেন, নাজমুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার ভগ্নিপতি আলমগীরকে গ্রেফতার করতে অভিযান চলছে। এ ঘটনায় জহিরের বাবা মকলেস মুন্সি বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!